অনলাইন ডেস্ক, ৪ জুলাই, ২০২৬: শনিবার সকাল আনুমানিক ৯টা অন্যান্য দিনের তুলনায় ছুটির সকালে রাস্তায় যখন গাড়ির চাপ কিছুটা কম, ঠিক তখনই শান্তিরবাজার নাকা পয়েন্টে আচমকা হাজির হন মহকুমার মোটর ভেহিকেলস ইন্সপেক্টর। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী।
প্রশাসনিক অনুমতি নিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই চিরুনি তল্লাশি ও ডিটেইলস চেকিং। মহকুমার ব্যস্ততম এই নাকা পয়েন্টে যাতায়াতকারী প্রতিটি গাড়ির বৈধ নথিপত্র, চালকের লাইসেন্স এবং হেলমেট-সিটবেল্ট পরীক্ষা করেন স্বয়ং মোটর ভেহিকেলস ইন্সপেক্টর।অভিযান চলাকালীন দেখা যায় চরম গাফিলতির চিত্র। বহু চালকের কাছে ছিল না বৈধ কাগজপত্র। ট্রাফিক আইন লঙ্ঘন করায় হাতেনাতে পাকড়াও করা হয় একাধিক গাড়ি চালককে।
ঘটনাস্থল থেকেই বেশ কয়েকজন চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করার পাশাপাশি আইন অমান্যকারীদের মোটা অঙ্কের জরিমানাও করা হয়।প্রশাসনের এই কঠোর মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক মহল। তাদের মতে, নিয়মিত এই ধরনের নজরদারি চললে চালকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং কমবে দুর্ঘটনার গ্রাফ।








