প্রগতি ত্রিপুরা, ২৮ জুন, ২০২৬: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে খুমুলুঙে একলব্য মডেল স্কুল পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুম, লাইব্রেরি, হোস্টেল পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন। এই বিদ্যালয়ে থাকাকালীন সময়ে তিনি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতের ১৩৫তম পর্ব অন্যান্যদের সঙ্গে বসে শোনেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের সারমর্ম নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের গুরুত্ব তিনি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। রাজ্যপাল ছাড়াও সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রমুখ।
এরপর রাজ্যপাল মোহনপুরে রশনি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন। রশনি ক্লাস্টার লেভেল ফেডারেশনের সভাপতি রাজ্যপালকে ক্লাস্টারের কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে অবহিত করেন। ঐ এলাকা পরিদর্শনের সময় রাজ্যপাল রশনি সিএলএফ চত্বরে বৃক্ষরোপণ করেন। এছাড়াও রাজ্যপাল দীপাবলি স্বসহায়ক গোষ্ঠী পরিচালিত বাঁশ প্রক্রিয়াকরণ ইউনিট পরিদর্শন করেন এবং স্থানীয় কাঁচামালকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের যে ব্যবস্থা করা হয়েছে তার জন্য তিনি সংশ্লিষ্ট স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।
পরে রাজ্যপাল পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত পূর্ব নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের কেপারাম পাড়ার শোভা দেববর্মার বাড়িতেও যান। তিনি শোভা দেববর্মার সঙ্গে কথাবার্তা বলেন এবং তার হাঁসের খামারটি সম্পর্কে খোঁজখবর নেন। উল্লেখ্য, এর আগে লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল শোভা দেববর্মার হাতে হাঁসের বাচ্চা তুলে দিয়েছিলেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।








