প্রগতি ত্রিপুরা, ২২ জুন, ২০২৬: জামাইষষ্ঠীর আনন্দঘন আবহ মুহূর্তের মধ্যেই পরিণত হল আতঙ্কে। শ্বশুরবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে এসে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন বিশালগড়ের এক ব্যক্তি। রবিবার তেলিয়ামুড়া রেলস্টেশনে ট্রেন থেকে নামার সময় পা পিছলে রেলের চাকার সংস্পর্শে এসে গুরুতর জখম হন সত্যব্রত দেবনাথ নামে ওই ব্যক্তি। তাঁর বাড়ি বিশালগড় এলাকায়।
দমকল কর্মীরা জানান,জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনে যাত্রা করেছিলেন সত্যব্রত। নির্ধারিত সময়ে ট্রেনটি তেলিয়ামুড়া রেলস্টেশনে পৌঁছলে তিনি নামার চেষ্টা করেন। সেই সময় আচমকাই ভারসাম্য হারিয়ে পা পিছলে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁর একটি পা রেলের চাকার সংস্পর্শে চলে আসে।
ফলে গুরুতরভাবে আহত হন তিনি যদিও সহধর্মিনী এবং সন্তান অক্ষত রয়েছে।ঘটনার পর স্টেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যাত্রীরা ছুটে এসে আহত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া দমকল বিভাগের একটি দল। দীর্ঘ প্রচেষ্টার পর তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানান, তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কায় তাঁকে দ্রুত ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি-তে স্থানান্তর করা হয়।
জামাইষষ্ঠীর মতো পারিবারিক উৎসবের দিনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের মধ্যে। উৎসবের আনন্দকে ম্লান করে দেওয়া এই দুর্ঘটনা আবারও রেলযাত্রায় সতর্কতার গুরুত্বকে সামনে এনে দিয়েছে।







