প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: শারীরিক ও মানসিকভাবে সুস্থ জাতিগোষ্ঠীই একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারে। আর শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার একটি শক্তিশালী হাতিয়ার হচ্ছে যোগব্যায়াম। আজ সকালে চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সিপাহীজলা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু একথা বলেন।
সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব ও অক্লান্ত প্রচেষ্টার ফলেই আন্তর্জাতিক যোগা দিবস বাস্তবে রূপ পেয়েছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ জাতিসংঘকে আন্তর্জাতিক যোগা দিবসকে স্বীকৃতি দিতে ও গ্রহণ করতে অনুপ্রাণিত করেছিল। এর উদ্দেশ্য কেবল যোগব্যায়ামকে জনপ্রিয় করা নয়, বরং সুশৃঙ্খল জীবনযাপন গড়ে তোলার পাশাপাশি ভারতের সুপ্রাচীন ঐতিহ্যের এক অমূল্য সম্পদকে বিশ্বের সামনে তুলে ধরা তিনি আরও বলেন, যোগা দিবসের লক্ষ্য হলো মানসিক চাপমুক্ত ও নেতিবাচকতা-মুক্ত একটি সমাজ গড়ে তোলা।
যোগব্যায়ামের ব্যবহারিক উপযোগিতার কথা তুলে ধরে রাজ্যপাল বলেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মিত যোগা অনুশীলন একাগ্রতা, মনোযোগ শৃঙ্খলাবোধ, শারীরিক ভঙ্গি (posture) ও শারীরিক সক্ষমতার উন্নতি ঘটায়। কর্মজীবী মানুষদের ক্ষেত্রেও যোগব্যায়াম শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত, সিপাহীজলা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার, বিশালগড় মহকুমার মহকুমা শাসক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ আধা-সামরিক বাহিনীর জওয়ানগণ।








