প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: চৌমুহনিস্থিত মোহনপুর জওহর নবোদয় বিদ্যালয়ে মোহনপুর ব্লক ও মহকুমাভিত্তিক ১২তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বলেন, যোগা শরীর চর্চার জন্য কেবল একটি পদ্ধতি নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। শরীর, মন, হৃদয়- এই তিনটি একত্রিত করার মাধ্যম হলো যোগা। যোগা শরীর ও মনকে সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকেই নিয়মিত যোগ ব্যায়ামের উপর গুরুত্ব আরোপ করতে হবে।
ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের যোগ ব্যায়াম করা উচিত। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন, স্বাস্থ্যই সম্পদ। শরীর সুস্থ না থাকলে জীবনে আনন্দ, সাফল্য ও সমৃদ্ধি উপভোগ করা যায় না। তাই শরীর ও মনকে সুস্থ রাখতে হলে নিয়মিত যোগ চর্চার উপর গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম.ডি.সি. রবীন্দ্র দেববর্মা, মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, হেজামারা ব্লকের বি.এ.সি. চেয়ারম্যান সুনীল দেববর্মা, জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ এস. কোঠারিয়া এবং ইয়ুথ প্রোগ্রাম অফিসার মধুসুদন দেববর্মা। এছাড়াও আজ মোহনপুর মহকুমার হেজামারা, লেফুঙ্গা এবং বামুটিয়া ব্লকে ব্লকভিত্তিক যোগা দিবস উদযাপন করা হয়।








