যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিৎ নয়। তিনি বলেন যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যাক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিক ভাবে উন্নততর ভবিষ্যৎএর জন্য অত্যন্ত আবশ্যিক।

কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রীরামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরন লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামুহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন আশেপাশের দুনিয়াকে জানা ও তাঁদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন।

যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা-‘বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ;। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অন্যন্ত প্রয়োজন। তিনি আরো বলেন বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন।

সংস্কৃতি মন্ত্রক দেশের ১০০ টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে। ১২ টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। এগুলি হল নতুন দিল্লীর লালকেল্লা, উত্তরা খণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বই, বিহারের নালন্দা, গুজরাটের আমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লেহ, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর।

রাষ্ট্রীয় আয়ুষ মিশন এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে উধারবন্দে ঐতিউহাসিক কাছাড় রাজবাড়ি প্রাঙ্গণে শিলচরে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ত্রিপুরায় আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন, মুখ্যমন্ত্রী, অধ্যাপক মাণিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চরি গ্রামে বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন।

‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনর সঙ্গে সমন্বয় করে বিদেশের ২১০ টিরও বেশি দূতাবাস ও কনসুলেট যোগ দিবসের আয়োজন করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে মূল অনুষ্ঠানটির পাশাপাশি সিলেট, রাজশাহি, খুনলনা ও চট্টগ্রামে যোগ দিবস উদযাপিত হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্য-স্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লীতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মন্ডাভিয়া অংশগ্রহণ করেন।

Leave a Comment