প্রগতি ত্রিপুরা, ১৯ জুন , ২০২৬: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শিগগিরই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবা চালু হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় ও যাত্রী ধারন ক্ষমতাও বেশি। আগরতলা-করিমগঞ্জের মধ্যে মেইনলাইন ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট বা সংক্ষেপে মেমু ট্রেন চালু হলে তা হবে এন এফ রেলওয়ের প্রথম কোনও রুটে মেমু ট্রেন চলাচল।
আজ আগরতলা রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলনে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, অমৃত ভারত প্রকল্পে আগরতলা রেল স্টেশন নবরূপে সেজে উঠছে। এখানে স্টেশনের নতুন ভবন নির্মান করা হচ্ছে। তিনতলা বিশিষ্ট নতুন এই ভবন নির্মানে প্রথম পর্যায়ের জন্য খরচ হবে ৪৮ কোটি টাকা। এর কাজ ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে তিনি জানান। নতুন ভবনে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে। বিশ্বমানের এই ষ্টেশন ভবনে যাত্রী সাধারণের থাকার জন্য সুব্যবস্থা থাকবে। রেল স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ানো হবে।
অমৃত ভারত যোজনায় উদয়পুর ও কুমারঘাট রেল স্টেশন আধুনিকীকরণের কাজও দ্রুত এগিয়ে চলছে, তার কাজ এবছর সেপ্টেম্বরে শেষ হবে বলে জানিয়েছেন তিনি। জিএম শ্রীবাস্তব আগরতলা রেল স্টেশনে অমৃত ভারত যোজনায় নতুন ভবন নির্মানের কাজ পরিদর্শন করেন, এছাড়া আগরতলা ষ্টেশনের ১নং ও ২নং প্ল্যাটফর্মে বৃদ্ধ অসুস্থ যাত্রীদের যাওয়া আসার সুবিধার্থে নতুন লিফটের উদ্বোধন করেন, আগরতলা রেল স্টেশনে যাত্রী সুবিধার বিভিন্ন বিষয় যেমন ওয়েটিং রুমগুলোর শৌচালয়, ষ্টেশনের টিকিট কাউন্টার, এটিভিএম মেশিন, স্ক্যানিং মেশিন, রিটায়ার রুম সব কিছুই খতিয়ে দেখেন তিনি।
তিনি আরো জানান, নিশ্চিন্তপুর রেল স্টেশনে ভারতীয় পন্যবাহী ট্রেন চলাচল করছে নিয়মিত। সেকেরকোট রেল স্টেশনে রেলওয়ে, আইও সিএল এবং রাজ্য সরকারের পূর্ত দপ্তরের কাজ প্রায় শেষের পথে। আগামী আগস্ট মাসের মধ্যে এসব কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, নিউ হাফলংএ রেল লাইনে বিদ্যুৎ সরবরাহে সামান্য ত্রুটি দেখা গেছে। তবে সাব্রুম থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেন লাইনে বৈদ্যুতিকিকরনের কাজ শেষ হয়েছে।
অদুর ভবিষৎ এ বদরপুর থেকে আগরতলা পর্যন্ত ডাবল লাইন নির্মানেরও পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। জিএম শ্রীবাস্তবের সঙ্গে এন এফ রেলওয়ের লামডিং বিভাগের ডিআরএম, সমীর লোহানীও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গতকালই জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সেকেরকোট রেল স্টেশনে আইওসিএল – এর তেলের ডিপো নির্মান৷ কাজ এবং নিশ্চিন্তপুর রেল ইয়ার্ড পরিদর্শন করেন।








