প্রগতি ত্রিপুরা, ১৯ জুন , ২০২৬: নেশামুক্ত ভারত অভিযান, বিকশিত ভারত কি পেহচান’ এই ভাবনাকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায়ও গতকাল থেকে নেশামুক্ত সপ্তাহ পালন করা হচ্ছে। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা এবং সামাজিক সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে।
আগামী ২৬ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। জেলাশাসক জানান, গতকাল উমাকান্ত একাডেমিতে জেলাস্তরের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। আগামী ২৪ জুন সকাল ৭টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। এই র্যালিতে অংশ নেওয়ার জন্য জেলাশাসক সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন ব্লক, গ্রাম, ওয়ার্ড পর্যায়ে র্যালি, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলাধুলা ও শপথগ্রহণ অনুষ্ঠান, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পথনাটক, বিভিন্ন স্কুল-কলেজে বিতর্ক প্রতিযোগিতা, শ্লোগান ও পোস্টার তৈরী করার আয়োজন করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি ভিত্তিক, শহরে ওয়ার্ড ভিত্তিক, জনসমাগম হয় এমন জায়গায় সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জেলাশাসক জানান, স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জেলার সব থানার মাধ্যমে যুব সমাজ ও সাধারণ মানুষের মধ্যে মাদক বিরোধী প্রচার চালানো হচ্ছে। স্বাস্থ্য দপ্তর থেকে মাদকাশক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত কাউন্সেলিং করা হচ্ছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শপথগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির কাজ করছে। নেশামুক্ত ত্রিপুরা গঠনে সচেতনতা বৃদ্ধিতে সংবাদমাধ্যমকেও এগিয়ে আসার জন্য জেলাশাসক আহ্বান জানান।








