প্রগতি ত্রিপুরা, ১৬ জুন, ২০২৬: আগরতলা, ১৬ জুন: বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি সামনে রেখে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করে গণতান্ত্রিক নারী সমিতি। পরে প্যারাডাইস চৌমুহনী এলাকায় সংগঠনের উদ্যোগে দু’ঘণ্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণঅবস্থান থেকে সংগঠনের নেতৃবৃন্দ তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু প্রত্যাহার এবং কর্মী-সহায়িকাদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করার পদক্ষেপ বন্ধ করা। পাশাপাশি শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস হত্যাকাণ্ডের অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিও জানানো হয়।
কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্ব বলেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাস হত্যার ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে একজন সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত পরিচালনা করা উচিত। তারা অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে সতর্ক করা হয়, দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।








