তেলিয়ামুড়ায় জনকল্যাণ শিবির

প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: ভারত আজ শুধু সম্ভাবনার দেশ নয়, বরং বিশ্বের কাছে সমাধানের পথপ্রদর্শক। বিশ্বশান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কার্যালয় প্রাঙ্গণে তেলিয়ামুড়া ব্লকভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে একথা বলেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।

স্বাগত বক্তব্য রাখেন তেলিয়ামুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব আচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান নির্মল সূত্রধর, খোয়াই জেলা পরিষদের সদস্য রণজিৎ সরকার, তেলিয়ামুড়া বি.এ.সি. চেয়ারম্যান ভানলাল রাংখল, তেলিয়ামুড়া বি.এ.সি.-র ভাইস-চেয়ারম্যান প্রসন্নহরি জমাতিয়া, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব প্রমুখ।

অনুষ্ঠানে স্বচ্ছ ভারত মিশনের আওতায় ৬ জন সুবিধাভোগীকে শৌচালয় নির্মাণের অনুমোদনপত্র, কৃষি দপ্তরের পক্ষ থেকে একজন কৃষককে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ মঞ্জুরির অনুমোদনপত্র এবং ২ জনকে সয়েল হেলথ কার্ড প্রদান করা হয়। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ১৯টি পরিবারকে মোট ২৫০টি পশু-পাখির জন্য ওষুধ বিতরণ করা হয়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় ২টি, বালিকা সমৃদ্ধি যোজনায় ২টি এবং মুখ্যমন্ত্রী প্রতিবন্ধী সহায়তা প্রকল্পে ২টি আবেদনপত্র গ্রহণ করা হয়।

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ফসল বিমার জন্য ২০টি আবেদনপত্র সংগ্রহ করা হয়। বন দপ্তরের উদ্যোগে ৩০ জনের মধ্যে বিভিন্ন ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। মৎস্য দপ্তরের পক্ষ থেকে ৫ জনকে মাছের ওষুধ প্রদান করা হয় এবং ১০ জনের কাছ থেকে কিষাণ ক্রেডিট কার্ড সংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করা হয়। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ১১টি এসটি, ২০টি ওবিসি, ২৭টি এসসি, ৬৩টি পিআরটিসি, ১৩টি আয় শংসাপত্র এবং ১টি বিবাহ শংসাপত্রের আবেদন গ্রহণ করা হয়। তাছাড়া তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুরূপ জনকল্যাণ শিবির আয়োজিত হয়।

এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস-চেয়ারপার্সন মধুসূদন রায়, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপার্সন রূপক সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ প্রদান করেন তেলিয়ামুড়া পুর পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ কুমার সরকার।

অনুষ্ঠানে তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার পাঁচটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে মোট ১৯ লক্ষ ৫০ হাজার টাকার ঋণ মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর পিএম স্বনিধি প্রকল্পের আওতায় একজন সুবিধাভোগীর হাতে ৯০ হাজার টাকার ঋণ মঞ্জুরিপত্র প্রদান করা হয়। পুর পরিষদের সাফাই কর্মীদের হাতে বিভিন্ন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিরা।

Leave a Comment