পুকুরে স্নান করাকে কেন্দ্র করে ঘটে গেল সংঘর্ষ, আহত একই পরিবারের তিন সদস্য

প্রগতি ত্রিপুরা, ১৫ জুন।। মেলাঘর ইন্দ্রনগর এলাকায় পুকুরে স্নান করাকে কেন্দ্র করে ঘটে গেল এক রক্তক্ষয়ী সংঘর্ষ! সামান্য কাঁদা ছোড়াছুড়ির প্রতিবাদ করায় এক মহিলা এবং তাঁর স্বামী ও শ্বশুরকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠল এলাকারই কিছু যুবকের বিরুদ্ধে!! বর্তমানে গুরুতর আহত অবস্থায় একই পরিবারের তিন সদস্য মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ইন্দিরা নগর ৯ নম্বর ওয়ার্ড এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, মেলাঘর ইন্দিরা নগর ৯ নম্বর ওয়ার্ড এলাকার একটি পুকুরে স্থানীয় কয়েকজন নাবালক ছেলে স্নান করতে নেমেছিল। স্নান করার সময় দুষ্টামির ছলে তারা একে অপরের দিকে কাঁদা ছুড়ছিল।

ঠিক সেই সময় এলাকার বাসিন্দা হাসিনা আক্তার নামে এক মহিলা ওই পুকুরে স্নান করতে আসেন। ছেলেদের ছোড়া কাঁদা আচমকাই এসে পড়ে ওই মহিলার কানে। পুকুরের মধ্যে এমন অভদ্র আচরণের তীব্র প্রতিবাদ জানান হাসিনা আক্তার। আর এই প্রতিবাদের পরেই পরিস্থিতি চরম আকার ধারণ করে।

অভিযোগ, এই ঘটনার জেরে পরবর্তী সময়ে একই এলাকার আশাবুল, ইউসুফ মিয়া, আরিফ হোসেন এবং বিলাল মিয়া নামের চার যুবক ওই মহিলার ওপর আচমকা চড়াও হয় এবং তাঁকে মারধর করতে শুরু করে। ​স্ত্রীর ওপর আক্রমণের খবর পেয়ে ছুটে আসেন তাঁর স্বামী আক্তার হোসেন এবং শ্বশুর মফিজ মিয়া।

তাঁরা হাসিনাকে বাঁচাতে গেলে, অভিযুক্ত যুবকরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপরও চড়াও হয় এবং নৃশংসভাবে আক্রমণ চালায়।
অভিযুক্তদের এই বর্বরচিত আক্রমণে হাসিনা আক্তার, তাঁর স্বামী আক্তার হোসেন এবং শ্বশুর মফিজ মিয়া গুরুতরভাবে জখম হন। ঘটনার পর রক্তাক্ত ও আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি মেলাঘর হাসপাতালে নিয়ে আসা হয়।

বর্তমানে মেলাঘর হাসপাতালেই তাঁদের চিকিৎসা চলছে। ​সামান্য পুকুরে স্নান করা ও কাঁদা ছোড়াকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে এভাবে প্রকাশ্য দিবালোকে মারধরের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ।

ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এই ঘটনায় পুলিশে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা এবং পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে, এখন সেটাই দেখার।

Leave a Comment