প্রগতি ত্রিপুরা, ৩০ মে, ২০২৬: আগামীকাল, ৩১ মে পালিত হবে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছরের প্রতিপাদ্য, “আকর্ষণের আড়ালের সত্য উন্মোচন করুন, নিকোটিন ও তামাকের আসক্তি প্রতিরোধ করুন।” তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে ১৯৮৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে।
এই উপলক্ষে শনিবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রায় ১৫০ জন মেডিকেল ছাত্র-ছাত্রী পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া ব্লকের বেড়িমুড় গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তামাকবিরোধী সচেতনতামূলক প্রচার চালায়। তারা গ্রামবাসীদের তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করেন এবং আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান।
এই কর্মসূচিতে মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যাপক সুব্রত বৈদ্য-সহ অন্যান্য শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা। তাঁরা বলেন, তামাকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার বিকল্প নেই এবং তরুণ প্রজন্মকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।







