প্রগতি ত্রিপুরা, ২৯ মে, ২০২৬ : রাজ্য প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে অভিষেক দেবব্রায় দায়িত্ব গ্রহণ করার পর শুক্রবার মেলাঘর বাজারে এক বর্ণাঢ্য অভিনন্দন মিছিলের আয়োজন করে বিজেপির সোনামুড়া মন্ডল। জানা যায়, মিছিলটি মেলাঘর চন্ডিগড় এলাকা থেকে শুরু হয়ে মেলাঘর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। পরে মিছিলের সমাপ্তি হয় মেলাঘর মোটর স্ট্যান্ডে।
এদিনের মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিজেপির পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বাজার এলাকা। মিছিল শেষে একান্ত সাক্ষাৎকারে বিজেপির সোনামুড়া মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস বলেন, “অভিষেক দেবব্রায় একজন যুব নেতা। সর্বভারতীয় নেতৃত্ব যুবকদের হাতে দায়িত্ব তুলে দিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে।
তাঁর নেতৃত্বে রাজ্যে বিজেপি আরও শক্তিশালী হবে এবং যুব সমাজ নতুন দিশা পাবে বলে আমরা আশাবাদী।” তিনি আরও জানান, আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজেপির কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।








