অসম্পূর্ণ ড্রেন নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ও সড়ক অবরোধ!

প্রগতি ত্রিপুরা, ২০ মে, ২০২৬: কাঁঠালিয়া থেকে বিলোনিয়া পর্যন্ত মূল সড়কের পাশে অসম্পূর্ণ ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তেজনা ছড়ায় এলাকায়। দীর্ঘদিন ধরে চলা রাস্তার কাজ প্রায় শেষ হলেও, রাস্তার দুপাশে নির্ধারিত ড্রেনের বেশ কিছু অংশ এখনো অসম্পূর্ণ থাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সমস্যার সমাধানের দাবিতে কাঁঠালিয়া মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, কিছু কিছু স্থানে ড্রেন নির্মাণ করা হলেও অধিকাংশ অংশ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে ড্রেনে জমে থাকা জল আশপাশের বাড়িঘরে ঢুকে পড়ছে। বর্ষাকাল ঘনিয়ে আসায় ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের পরও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে দাবি বিক্ষোভকারীদের।

এদিন অবরোধস্থলে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দা অরুন হালদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার উন্নয়নের জন্য কাজ আনলেও কিছু অসাধু ব্যক্তি ও দায়িত্বপ্রাপ্তদের গাফিলতির কারণে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় দাবি করেন, রাস্তার কাজের বরাদ্দ ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে রাস্তার কাজের দায়িত্বে থাকা ম্যানেজার তাপস মজুমদার জানান, তাদের বরাদ্দ অনুযায়ীই কাজ করা হয়েছে। তবে কাজ সংক্রান্ত ওয়ার্ক অর্ডার দেখানোর বিষয়ে তিনি কোনো নথি উপস্থাপন করতে পারেননি বলে জানা গেছে। বর্তমানে এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত বাকি ড্রেন নির্মাণ সম্পূর্ণ করে জল জমার সমস্যার স্থায়ী সমাধান করা হোক।

Leave a Comment