মন্ত্রীর ব্যতিক্রমী নজির: এস্কর্ট গাড়ি ফিরিয়ে দিয়ে ই-অটোয় সচিবালয়ে রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় জ্বালানি সংরক্ষণ ও পরিবেশ সচেতনতার বার্তা দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
আজ মন্ত্রী সচিবালয়ে পৌঁছান একটি ই-অটোয় চড়ে। শুধু তা-ই নয়, অপ্রয়োজনীয় জ্বালানি খরচ কমাতে তিনি নিজের দুটি এসকর্ট গাড়িও প্রত্যাহার করে নেন।
সকালে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় কাজ সারতে মন্ত্রী সাইকেল ব্যবহার করেন। পরে একটি গাড়িতে মোহনপুর বিধানসভা অন্তর্গত লেফুঙ্গা এবং গামছা কোবরা পর্যন্ত গিয়ে কাজকর্ম দেখেন, তারপর ই-অটোতে করে সচিবালয়ে পৌঁছান।
মন্ত্রী জানান, এটি কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সংরক্ষণের আহ্বান থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছেন।
তিনি বলেন জ্বালানি একটি সীমিত সম্পদ। এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে যেমন অর্থ সাশ্রয় হবে, তেমনই পরিবেশও সুরক্ষিত থাকবে। প্রধানমন্ত্রী যদি একটি গাড়িতে চলাফেরা করতে পারেন, তাহলে আমি কেন পারব না?
তিনি আরও বলেন, ছোট ছোট যাতায়াতেই তাঁর একটি গাড়ির জন্য মাসে প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত জ্বালানি খরচ হতো। এসকর্ট গাড়ি থাকলে সেই খরচ আরও বেড়ে যেত। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, প্রয়োজন ছাড়া আর অতিরিক্ত গাড়ি ব্যবহার করবেন না।
মন্ত্রী জানান, ইতিমধ্যেই তিনি রাজ্যের ডিজিপিকে চিঠি দিয়ে তাঁর দুটি এসকর্ট প্রত্যাহারের অনুরোধ করেছেন।
তিনি বলেন আমার রাজনৈতিক শত্রু থাকতে পারে, কিন্তু আমি মনে করি না কেউ আমাকে ক্ষতি করবে। তাই নিরাপত্তার জন্য শুধু দুইজন পিএসও থাকলেই যথেষ্ট।
মন্ত্রী আরও বলেন, একটি ই-অটো একবার চার্জে প্রায় ১০০ কিলোমিটার চলতে পারে এবং ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার আরও বাড়ানোর বিষয়েও তিনি ভাবছেন।
জ্বালানি সাশ্রয়, পরিবেশ রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ বলে জানান মন্ত্রী।

Rajesh Roy
Author: Rajesh Roy

Leave a Comment