প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬ : তিন রাজ্যে বিজেপির জয়ে বিলোনিয়ায় বিজয় র্যালি, উৎসবে মাতল কর্মীরা । পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরি এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়জয়কারে উচ্ছ্বসিত বিলোনিয়া মণ্ডলের বিজেপি কর্মীরা। এই জয় উদযাপন করতে আজ বিকেলে বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য বিজয় র্যালি। বিকেল চারটা নাগাদ বিলোনিয়া মণ্ডল কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বিলোনিয়া মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ মণ্ডলের অন্যান্য নেতৃবৃন্দ। গেরুয়া আবির মেখে একে অপরকে রাঙিয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন।নেতা-কর্মীরা র্যালিতে গেরুয়া-সাদা বেলুন, পদ্মফুলের প্রতীক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও গেরুয়া পতাকা হাতে নিয়ে শোভাযাত্রা করেন কর্মীরা। ব্যান্ড পার্টির বাজনা ও বিজেপির বিভিন্ন গানে মুখরিত ছিল পুরো র্যালি।
গানের তালে নৃত্যের ছন্দে মাতোয়ারা হয়ে ওঠেন মহিলা-পুরুষ কর্মীরা।স্লোগান মুখরিত র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় বনকর এলাকায়। সেখানে আয়োজিত হয় পথসভা। সভা থেকে তিন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীদের ধন্যবাদ জানান বক্তারা। বিরোধী দলগুলোর সমালোচনা করে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত রেখে চলার আহ্বান জানান নেতৃবৃন্দ।








