প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬ : কৈলাশহর-ধর্মনগর জাতীয় সড়কের ভগবান নগর ৩ নং ওয়ার্ড এলাকায় রবিবার বিকাল ৪টা নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন অন্তত চারজন।
একটি কমান্ডার জিপ ও একটি ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কমান্ডার জিপ (নং RJ-13-UA-0107) চালক মিঠুন পালের অভিযোগ, সোজা রাস্তায় চলার সময় হঠাৎ করেই ট্রিপার গাড়ি (নং TR-05-D-1716) কোনও প্রকার সিগন্যাল না দিয়ে ডানদিকে বাঁক নেয়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে কমান্ডার জিপটি সোজা গিয়ে ট্রিপারের সঙ্গে ধাক্কা মারে। যার ফলে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন কমান্ডার জিপের চালক মিঠুন পাল, পরিতোষ পাল ও রাজিব শর্মা। এছাড়াও ট্রিপার গাড়ির চালকও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ট্রিপার চালকের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
ঘটনার সময় বিকট শব্দ শুনে আশেপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।এদিকে খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।








