মুখ্যমন্ত্রী সমীপেষুর ৬৪তম পর্ব, সাহায্য প্রত্যাশীদের বিভিন্ন সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল, ২০২৬: বৃষ্টি উপেক্ষা করে আজও সাহায্য প্রত্যাশী মানুষ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এসে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন। আজ ছিল মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচির ৬৪তম পর্ব। মুখ্যমন্ত্রী সাহায্য প্রত্যাশী মানুষের কথা শুনে তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করেন। তাদের সঙ্গে মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সরকারি নিয়মকানুন মেনে স্বচ্ছতার সঙ্গে রাজ্যবাসীর কল্যাণে কাজ করছে। মানুষের কল্যাণ রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য।

আগরতলার আড়ালিয়ার বাসিন্দা দুর্ঘটনায় প্রয়াত সুরজিৎ দাসের মা চিনু দাস আজ মুখ্যমন্ত্রীর কাছে তার পরিবারের সমস্যার কথা তুলে ধরেন। পরিবারের সহায়তার জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে ৪ লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রী চিনু দাসের হাতে তুলে দেন। গোমতী জেলার রাধাকিশোরপুর থেকে এসেছেন আয়াতোল্লা সরকার। সাবুমের ফুলছড়ি থেকে বিশ্বজিৎ দেবনাথ এসেছেন চিকিৎসায় সহায়তার আবেদন নিয়ে। মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শুনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেদেন। পাশাপাশি অন্যান্য সহায়তা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন।

উদয়পুরের অর্চনা সরকার তার স্বামীর চিকিৎসার জন্য, মেলাঘরের সমীর রুদ্র পাল তার বাবার চিকিৎসার জন্য, আগরতলার খেজুরবাগানের মঞ্জুরাণী সরকার তার নিজের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর সহায়তা কামনা করেন। পটুনগরের মৌমিতা শীল, ধর্মনগর কদমতলার রাণা তাঁতী, আগরতলা টাউন প্রতাপগড়ের প্রীতম পাল, লক্ষ্মীনারায়ণ বাড়ির রোডের বাসিন্দা রীণা গোস্বামী তাদের চিকিৎসায় সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শুনে তাদের সমস্যা সমাধানের উদ্যোগ নেন এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের তাদের সহায়তা করার জন্য নির্দেশ দেন। আজ মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা, সদর মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস, জিবিপি, আইজিএম এবং অটলবিহারী বাজপেয়ী ক্যান্সার হাসপাতালের সুপারগণ।

Leave a Comment