অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল, ২০২৬: জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা রাজ্য শাখা কমিটির সদস্য সচিব ডা. সৌভিক দেববর্মা এবং সিপাহীজলা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশীষ দাস গতকাল সোনামুড়া মহকুমা এলাকার বিভিন্ন সীমান্তবর্তী জায়গায় অবস্থিত প্রাথমিক ও সামাজিক স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এইসব স্বাস্থ্য কেন্দ্রগুলি হল সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্র, বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং নিদয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ অন্যান্য সামাজিক ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। পরিদর্শনকালে তারা সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রগুলোর চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত বিষয়ে বিশেষ করে ৯ থেকে ১০ মাস বয়সী সদ্যোজাত শিশু যাদের এখনও হামের টিকা এম আর নামক ভ্যাকসিন দেওয়া হয়নি তাদের সঠিকভাবে হামের টিকা দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন।
পাশাপাশি এই সব স্বাস্থ্য কেন্দ্র গুলোর ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক এবং চিকিৎসা কর্মীদের সঙ্গে মত বিনিময় কালে যে সব সদ্যোজাত শিশুদের এম আর ভ্যাকসিন দেওয়া হয়নি তাদের দ্রুত চিহ্নিত করে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এই সংবাদ জানানো হয়েছে।







