প্রগতি ত্রিপুরা, ৩ এপ্রিল, ২০২৬ : রাজ্যে আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই তীব্র আকার নিচ্ছে। নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে আরও সুসংগঠিত করতে একাধিক প্রস্তুতি বৈঠক ও কর্মসূচি গ্রহণ করছে। এই আবহেই শুক্রবার তেলিয়ামুড়া মহকুমায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক।
মহকুমার একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। তাঁর নেতৃত্বে মান্দাই-পুলিনপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজেশ দেববর্মা এবং মহারানী কেন্দ্রের প্রার্থী বিল্লু জমাতিয়াকে সঙ্গে নিয়ে কর্মী ও সমর্থকদের নিয়ে বিস্তারিত সাংগঠনিক আলোচনা হয়।আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীদের জয় নিশ্চিত করতে বুথভিত্তিক কর্মপরিকল্পনা, প্রচার কৌশল এবং মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষ করে প্রত্যন্ত এলাকায় ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে।বৈঠকে দুই কেন্দ্রের জনজাতি কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কর্মসূচিতে আলাদা মাত্রা যোগ করে। পাশাপাশি নির্বাচনী কৌশল চূড়ান্ত করার পাশাপাশি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃত্ব।দলীয় মহলের দাবি, আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে এই ধরনের ধারাবাহিক কর্মসূচি সংগঠনের ভিতকে আরও মজবুত করবে এবং তৃণমূল স্তরে দলের প্রভাব বৃদ্ধি পাবে।








