পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন এলাকার মানুষ, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রগতি ত্রিপুরা, ১৭ মার্চ, ২০২৬: জলের জন্য ফের রাস্তায় নামতে হল আম জনতাকে! সোনামুড়ার বেজিমারা পঞ্চায়েতের এসসি কলোনি এলাকার মানুষের অভিযোগ একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান হয়নি। দীর্ঘ তিন বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন বেজিমারা গ্রাম পঞ্চায়েতের এসসি কলোনি এলাকার বাসিন্দারা।

একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মঙ্গলবার সকাল প্রায় ১০টা নাগাদ এই সমস্যার প্রতিবাদে সোনামুড়া-কাঠালিয়া সড়কের বেজিমারা চুমুহনী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধের ফলে রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রী সাধারণ।এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্র সরকারের “হর ঘর জল” প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হলেও সেই সাপ্লাই পয়েন্ট দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে।

ফলে প্রতিদিনই চরম জল সংকটে পড়তে হচ্ছে তাদের।বাসিন্দাদের আরও দাবি, গত তিন বছর ধরে তারা পুকুর থেকে জল সংগ্রহ করে পানীয় জলসহ নিত্যপ্রয়োজনীয় কাজ চালাতে বাধ্য হচ্ছেন, যা স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে।প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চললেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হননি বলে অভিযোগ। এতে বিক্ষোভকারীদের ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।এলাকাবাসীর স্পষ্ট দাবি, অবিলম্বে পানীয় জলের স্বাভাবিক সরবরাহ চালু করতে হবে এবং বিকল জল পাম্প দ্রুত মেরামত করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের নামবেন তারা।

Leave a Comment