ফাল্গুন মাসে বজ্রপাত সহ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ধর্মনগরে!

প্রগতি ত্রিপুরা, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬। ফাল্গুনের সকালেই রুদ্ররূপ প্রকৃতির! মেঘলা আকাশ আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অন্ধকারে ডুবল ধর্মনগর।বসন্তের সকালে রোদের দেখা নেই, বদলে আকাশ জুড়ে ঘন কালো মেঘ।

ফাল্গুনের শান্ত প্রকৃতি আজ আচমকাই হয়ে উঠল অশান্ত। উত্তর ত্রিপুরার ধর্মনগরে মেঘলা আকাশ আর মাঝেমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।

অন্ধকার নামল যে মনে হলো সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে।ধর্মনগরের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মেঘের ঘনত্ব বাড়তে থাকে এবং শুরু হয় দফায় দফায় বজ্রপাত।

পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। রাস্তায় চলাচলকারী যানবাহন গুলোকে আলোতেও হেডলাইট জ্বালিয়ে পথ চলতে হচ্ছে।

বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বইছে কালবৈশাখীর মতো দমকা হাওয়া। বজ্রপাতের শব্দে আতঙ্কিত শহরবাসী। অসময়ের এই দুর্যোগে পথচারীরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

অনেকেই কাজ ফেলে দ্রুত বাড়ির পথ ধরেছেন। প্রকৃতির এই খামখেয়ালি রূপ যেন ফাল্গুন মাসেই কালবৈশাখীর তাণ্ডব মনে করিয়ে দিচ্ছে।

ধর্মনগর শহরের রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে।বজ্রপাতের আশঙ্কায় মানুষ ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। স্থানীয়দের মতে, ফাল্গুনের এমন ভুতুড়ে অন্ধকার এবং ঘন ঘন বজ্রপাত আগে কখনও দেখা যায়নি।

Leave a Comment