প্রগতি ত্রিপুরা, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে MY Bharat সংস্থার উদ্যোগে কমলপুর মহকুমার অন্তর্গত কে.সি গার্লস স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় “অস্মিতা স্পোর্টস ইভেন্ট”।
নারীদের সম্মান জানানো ও তাদের ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছোট থেকে বড়—সকল বয়সের নারীদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এর মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, মিউজিক্যাল চেয়ারসহ আরও কয়েকটি আকর্ষণীয় ইভেন্ট। প্রতিযোগিতাগুলোকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও। অনুষ্ঠানে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি গোটা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ধলাই জেলার ডিস্ট্রিক্ট ইউথ অফিসার (মাই ভারত) অজিত কুমার, ডিসিএম অদিতি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের উদ্বোধন করে সভাধিপতি সুস্মিতা দাস তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে নারীরা আর পিছিয়ে নেই; শিক্ষা, ক্রীড়া ও কর্মক্ষেত্রসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন, এই ধরনের আয়োজন নারীদের আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করে।








