প্রগতি ত্রিপুরা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ : আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মোড়।
তিপ্রা মথা শিবিরে ভাঙনের আবহের মধ্যেই শুক্রবার দুপুরে গঙ্গানগর স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত জগদ্বন্ধু পাড়ায় ব্রু-শরণার্থী অধ্যুষিত এলাকায় আয়োজিত হয় বিজেপির এক যোগদান সভা।
সেখানে ১০৯ পরিবারের মোট ২৪৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি–র পতাকা গ্রহণ করেন।সভায় উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা-সহ মণ্ডল ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব।
দলীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে আর্থসামাজিক উন্নয়ন ও মৌলিক পরিষেবা সংক্রান্ত নানা দাবিদাওয়া পূরণ না হওয়ায় ব্রু সম্প্রদায়ের একাংশের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছিল। সেই অসন্তোষ থেকেই এই গণযোগদান।
যোগদান সভার আগে জগদ্বন্ধু পাড়া ও সংলগ্ন বাজার এলাকায় একটি মিছিল ও পরিক্রমার আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন মন্ত্রী বিকাশ দেববর্মা নিজে। পরিক্রমা শেষে সভাস্থলে পৌঁছে আনুষ্ঠানিক কর্মসূচি সম্পন্ন হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “মায়া কান্না দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করা উচিত নয়।
বারবার নানা দাবি তুলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা জনজাতি মানুষের প্রকৃত স্বার্থরক্ষা করে না।” তাঁর অভিযোগ, গত পাঁচ বছরে এডিসি প্রশাসনের অধীনে জনজাতি উন্নয়নে প্রত্যাশিত পদক্ষেপ দেখা যায়নি।








