তৃতীয় খোয়াই জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধন, রাজ্য সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়নে বদ্ধপরিকর: বনমন্ত্রী

অনলাইন ডেস্ক, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬: ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে খোয়াই সুভাষ পার্ক সংলগ্ন চৈত্র মেলা গ্রাউন্ডে আজ থেকে তিনদিন ব্যাপী তৃতীয় খোয়াই জেলাভিত্তিক সরস মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করে বন, সাধারণ প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন রাজ্য সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য বদ্ধপরিকর।

সরস মেলার মূল উদ্দেশ্য হচ্ছে নারী স্বশক্তিকরণ। আগে যারা গৃহিনী ছিলেন তারা তাঁদের প্রতিভা ব্যবহার করে আজ লাখপতি দিদিতে পরিণত হয়েছেন। এতে করে প্রতিটি পরিবার আত্মনির্ভর হয়ে উঠছে। এতে ধীরে ধীরে সমাজ, গ্রাম, শহর, রাজ্য, দেশ আত্মনির্ভর তথা স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে। তিনি এই লক্ষ্যকে বাস্তব রূপ দিতে নাগরিক, সরকার এবং প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং নিরলস কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমানে রাজ্যে স্ব-সহায়ক দলের সংখ্যা ৫৪ হাজার পেরিয়ে গেছে। তিনি আরো বেশি করে এইসব মেলা আয়োজনের গুরুত্ব এবং মেলায় জনগনের প্রত্যক্ষ অংশগ্রহণ এর উপর জোর দেন। মেলায় এছাড়া বক্তব্য রাখেন পদ্মবিল বিএসি’র চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য।

মঞ্চে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাশ, খোয়াই মহকুমার মহকুমা শাসক নির্মল কুমার ঝা, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীস নাথ শর্মা।

মঞ্চে দুইজন লাখপতি দিদি তুলাশিখর আরডি ব্লকের এলিনা দেববর্মা এবং খোয়াই আর ডি ব্লকের সোনালী সিংহ গুপ্তা স্ব-সহায়ক দল গঠন করে তাদের আত্মনির্ভর হওয়ার সাফল্যের কাহিনী সকলের সামনে তুলে ধরেন। মেলায় বিভিন্ন দপ্তর, স্ব-সহায়ক দল মিলে মোট ৫০ টি প্রদর্শনী স্টল খোলা হয়েছে। অতিথিগণ তা ঘুরে দেখেন। মেলায় প্রতিদিন সন্ধ্যায় বিশিষ্ট শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Comment