নারীশক্তির নেশা মুক্ত অভিযান বিলোনিয়া মহকুমায়

প্রগতি ত্রিপুরা, ১৬ জানুয়ারি, ২০২৬ : নেশার কারণে গ্রামেগঞ্জে নির্যাতনের শিকার হচ্ছে নারীরা। ধ্বংস হচ্ছে যুবসমাজ ধ্বংস হচ্ছে পরিবার।

তাই রাজ্য সরকারের নেশা মুক্ত ত্রিপুরা করার আহ্বানকে সফল এবং সার্থক করে তুলতে এবার নেশার বিরুদ্ধে গর্জে উঠেছে নারীশক্তি। রীতিমতো নেশা বন্ধের ডাক দিয়ে বিলোনিয়া মহকুমার ভারত চন্দ্র নগর ব্লকের অধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অন্তর্গত স্ব-সহায়ক দলের চারটি ভিউয়ের দুই শতাধিক নারী একত্রিত হয়ে গঠন করেছে ভারত মাতা নেশা মুক্ত কমিটি।

শুধু কমিটি করে শেষ নয় আজ প্রথম দিনেই দাপট দেখিয়ে পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বাজারে নেশার বিরুদ্ধে বেশ কয়েকটি দোকানে অভিযান চালায়। দোকানদারকে সতর্ক করে দেয় আর যেন বাজারে নেশা সামগ্রী বিক্রি না করে।

তাদের বক্তব্য শুধুমাত্র আজকে এই অভিযানের মধ্যে দিয়েই শেষ নয়, প্রতিটি গ্রামেই যেখানে নেশা বিক্রি ও সেবন হয় এবং এ নেশার কারণে নারীরা নির্যাতিত হচ্ছে সেখানেই অভিযান চালিয়ে কঠোর হাতে দমন করা হবে।

নেশার বিরুদ্ধে জাগ্রত নারীদের এই ধরনের উদ্যোগে গোটা এলাকাতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য এর মধ্যে দিয়ে এলাকাকে নেশা মুক্ত করা যাবে। প্রশাসন তাদের পাশে রয়েছে বলে তারা জানান।

এইভাবে প্রত্যেকটি গ্রামে নারীরা নেশা মুক্ত কমিটি গঠন করে নেশার বিরুদ্ধে অভিযান শুরু করলে খুব সহসাই বিলোনিয়া মহকুমা তো বটেই গোটা দক্ষিণ জেলা এবং রাজ্য নেশা মুক্ত হবে।

যা সরকারের প্রধান লক্ষ্য। পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নেশা মুক্ত ভারত মাতা কমিটির নারী শক্তির পাশে রয়েছে পঞ্চায়েতের প্রধান সহদেব দাস।

Leave a Comment