আইনজীবীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি, অনির্দিষ্টকালের জন্য এসডিএম কোর্ট ও দলিলের কাজ বয়কটের ডাক সাব্রুম বার অ্যাসোসিয়েশনের

প্রগতি ত্রিপুরা, ১২ জানুয়ারী, ২০২৬: দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে এক আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ও আইনি অঙ্গন! অভিযুক্ত মহকুমা শাসক (SDM) অভিজিৎ সিং যাদবের (IAS) বিরুদ্ধে প্রতিবাদে আজ, সোমবার (১২ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য এসডিএম কোর্ট ও দলিল সংক্রান্ত সমস্ত কাজ বয়কটের ডাক দিয়েছে সাব্রুম বার অ্যাসোসিয়েশন।

মূল ঘটনাটি ঘটে গত ৭ জানুয়ারি নগর পঞ্চায়েত ভবনে অস্থায়ী কোর্ট রুমে মামলার শুনানিকালে। অভিযোগকারী প্রবীণ আইনজীবী রতন নাথ জানান, দীর্ঘ ২২ বছরের পেশাগত জীবনে তিনি এমন নক্কারজনক আচরণের শিকার হননি। শুক্রবার বার অ্যাসোসিয়েশনের জরুরি সভায় আন্দোলনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সম্পাদক অ্যাডভোকেট আপন দত্ত স্পষ্ট জানিয়েছেন, বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষায় প্রশাসনের নিরপেক্ষ তদন্ত জরুরি। ইতিমধ্যেই অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আজ সাব্রুম আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে আইনজীবীরা হুশিয়ারি দেন যে, দ্রুত দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হলে এই আন্দোলন সারা ত্রিপুরায় ছড়িয়ে দেওয়া হবে। প্রশাসনের শীর্ষ স্তরের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা।

Leave a Comment