প্রগতি ত্রিপুরা, ০৯ জানুয়ারী, ২০২৬: ঊনকোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আজ সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের কার্যালয়ে এক বিশেষ অসংক্রামক রোগ স্ক্রিনিং কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে জেলাশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারি, আধিকারিক এবং বিভিন্ন কাজে কার্যালয়ে আগত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান-এর অঙ্গ হিসেবে জনগণের স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা। কর্মসূচির আওতায় মোট ১৩০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং ৬ জনের আভা কার্ড তৈরি করা হয়।
স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে যে, ৪৯ জন ব্যক্তির উচ্চ রক্তচাপ রয়েছে এবং ৩৭জনের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের চিকিৎসকদের দ্বারা প্রয়োজনীয় ওষুধপত্র এবং স্বাস্থ্য পরামর্শও প্রদান করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা ডাঃ তমাল মজুমদার, জেলা পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ সঞ্জয় রুদ্র পাল, মেডিক্যাল অফিসার ডাঃ প্রীতম দাস, নার্সিং অফিসার দীপঙ্কর রায়, কমিউনিটি হেলথ অফিসার রূপা দাস, এমপিডব্লিও সুব্রত চক্রবর্তী, এনসিডি ডাটা এন্ট্রি অপারেটর গৌতম দেব এবং ফার্মাসিস্ট প্রতিম সিনহা প্রমুখ। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।








