প্রগতি ত্রিপুরা, ০৯ জানুয়ারী, ২০২৬: উত্তর জেলার শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন লক্ষ্মীনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গতকাল শাশুড়ি-বৌমা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে এলাকার শাশুড়ি, বৌমা, শিশু ও কিশোরীরা উপস্থিত ছিলেন।
মিশন পরিবার বিকাশ কর্মসূচির আওতায় স্বাস্থ্যকর্মীরা পরিবারে শাশুড়ি ও বৌমার ভূমিকা, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি, গর্ভবতী মহিলাদের প্রাতিষ্ঠানিক প্রসব করানো, কৈশোরে বিবাহ না দেওয়া, কম বয়সে গর্ভধারণ রোধ করা, জননী সুরক্ষা যোজনা, এবং জননী-শিশু সুরক্ষা কার্যক্রমের সুবিধা গ্রহণ করার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের আওতায় ৩০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য নন-কমিউনিকেবল ডিজিজ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, এবং ক্যান্সারের প্রাথমিক স্ক্রিনিং সনাক্তকরণের জন্য স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করেন।
এই স্ক্রিনিং কার্যক্রমটি স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এটি বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি রোগের সঠিক সময়ে চিহ্নিতকরণ এবং চিকিৎসার সুযোগ প্রদান করে। এছাড়া, স্থানীয় অংশগ্রহণকারীদের স্বাস্থ্য কার্ড বা আভা আইডি তৈরির বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার স্টেনলি দেববর্মা, এমপিডব্লিউ জগৎময় দেবনাথ এবং স্থানীয় আশাকর্মীগণ। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।








