সাবুমে রাজ্যভিত্তিক হস্ততাঁত-হস্তকারু মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর ২০২৫: ত্রিপুরা সরকারের হস্ততাঁত, হস্তকারু এবং রেশম শিল্প দপ্তরের উদ্যোগে ও ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় আজ থেকে সাবুম মেলার মাঠে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী রাজ্যভিত্তিক হস্ততাঁত-হস্তকার মেলা। ৬০টি স্টলে ত্রিপুরার হস্ততাঁত শিল্পীরা বিভিন্ন পণ্যসামগ্রীর পসরা সাজিয়েছেন।

হস্ততাঁত, হস্তকারু এবং রেশম শিল্প দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মঙ্গলদ্বীপ জ্বেলে ১৫ দিনের হস্ততাঁত, হস্তকারু মেলার উদ্বোধন করেন। উদ্বোধকের ভাষণে হস্ততাঁত, হস্তকারু মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্য ও রাজ্যের বাহিরে, বিদেশেও ত্রিপুরার হস্তশিল্পীদের পণ্যসামগ্রীর কদর রয়েছে। পণ্যের গুণগতমান আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

তাই রাজ্য সরকার হস্তকারু শিল্পীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দিল্লি, কোলকাতা এবং গৌহাটিতে ত্রিপুরার হস্তকারু শিল্পীদের তৈরী পণ্যের কাউন্টার রয়েছে। আরও কাউন্টার খোলা হবে। চাহিদার সঙ্গে সাযুজ্য রেখে হস্তকারু পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি বিকশিত ত্রিপুরা গঠনে হস্তকারু শিল্পীদের তৈরী পণ্য কেনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক মাইলাফু মগ, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ। স্বাগত ভাষণ দেন হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের অধিকর্তা অজিত শুক্ল দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমার মহকুমা শাসক অভিজিত সিং যাদব, আগরতলা উইভার্স সেন্টারের উপঅধিকর্তা অর্ণব চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে।

১৩ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০ জন হস্তকারু শিল্পীর হাতে নির্মাণ সামগ্রী তুলে দেন অতিথিগণ।

Leave a Comment