সীমান্ত রক্ষী বাহিনীর ২১ জন অফিসার ও সৈনিককে রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান

অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর, ২০২৫: আজ কলকাতায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসর্এফ) বা সীমান্ত রক্ষী বাহিনীর ১০ জন কর্মরত এবং ১১ জন অবসরপ্রাপ্ত সদস্যকে প্রশংসনীয় সেবা প্রদানের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদকে সম্মানিত করা হয়।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস পদকগুলি প্রদান করেন। এই পদক রাজ্য পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় পুলিশ ও নিরাপত্তা সংস্থার সদস্যদের কর্তব্যের প্রতি অসাধারণ নিষ্ঠা ও সেবার পরিচয় দেওয়ার জন্য সম্মান জানায়।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল বলেন, আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র ২১ জন পুরস্কারপ্রাপকের উৎকর্ষের উদযাপন নয়, বরং দেশের নিরাপত্তা বাহিনীর মূল্যবোধ এবং সৈনিকদের ত্যাগের প্রতিও শ্রদ্ধার প্রকাশ।

দীর্ঘদিন জনসেবার অভিজ্ঞতা থাকা একজন প্রাক্তন সরকারি আধিকারিক হিসেবে ড. আনন্দ বোস শান্তিপর্ব ও যুদ্ধের সময় দেশের নিরাপত্তা রক্ষায় বিএসএফের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী রাজীব রঞ্জন লাল, ইন্সপেক্টর জেনারেল (হিউম্যান রিসোর্স), বিএসএফ ইস্টার্ন কমান্ড এবং শ্রী ভূপেন্দ্র সিং, ইন্সপেক্টর জেনারেল, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, বিএসএফ।

১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর গঠিত বর্ডার সিকিউরিটি ফোর্স বর্তমানে সীমান্ত নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধের কাজ থেকে শুরু করে উগ্রপন্থার দমন এবং সেনাবাহিনীর সামরিক কার্যক্রমে সহায়তা পর্যন্ত বিবিধ প্রকৃতির দায়িত্ব পালন করছে।

বিশ্বের বৃহত্তম সীমান্ত নিরাপত্তা সংস্থা হিসেবে প্রায় ২,৫০,০০০ সদস্য নিয়ে গঠিত বিএসএফ ১৯৭১ সালের যুদ্ধ থেকে শুরু করে অপারেশন সিন্দুর পর্যন্ত দেশের প্রতিরক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে।

Leave a Comment