প্রগতি ত্রিপুরা, ০৮ ডিসেম্বর, ২০২৫: দুর্গাপুরে বটগাছের ডাল ভেঙে রেশন দোকান লণ্ডভণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডিলার। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর বাজারে আজ ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বহু বছরের পুরনো এক বিশালাকার বটগাছের বিশাল ডাল ভেঙে পড়ে সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যায় দুর্গাপুর রেশন দোকান। অল্পের জন্য প্রাণে রক্ষা পান রেশন ডিলার উমাপদ দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, রেশনের কাজ চলাকালীন হঠাৎই গাছের একটি ভারী শাখা হুড়মুড়িয়ে দোকানের ছাদ ভেদ করে পড়ে। মুহূর্তের মধ্যে স্থানীয়রা বিকট শব্দ ও চিৎকার শুনে ছুটে এসে প্রাণপণ চেষ্টা করে তাঁকে উদ্ধার করেন। এই ঘটনায় পাশাপাশি একটি চায়ের দোকানও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এলাকাজুড়ে আতঙ্কের ছায়া নেমে এসেছে।
অভিযোগ — বহুদিন ধরেই বাজার চত্বরে দাঁড়িয়ে থাকা ওই বটগাছটির শাখা-প্রশাখা ভেঙে পড়ার আশঙ্কা থাকলেও বনদপ্তরকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, কল্যাণপু্র বনদপ্তরের উদাসীনতাই আজকের এই দুর্ঘটনার জন্য দায়ী। এদিকে ক্ষুব্ধ জনতা দ্রুত ক্ষতিগ্রস্ত দোকানদারদের ক্ষতিপূরণের দাবি তুলেছেন। ঘটনাস্থলে বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।








