আসাম–আগরতলা জাতীয় সড়কে ট্রিপারের ধাক্কায় আহত এক

প্রগতি ত্রিপুরা, ০৮ ডিসেম্বর, ২০২৫: আসাম–আগরতলা জাতীয় সড়ক যেন দিন দিন পথচলতি মানুষের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠছে! সোমবার সন্ধ্যা রাতে চাকমা ঘাটের কাছে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।

পানিসাগর এলাকার বাসিন্দা জন্মজয় রায় সড়ক পার হওয়ার সময় হঠাৎই একটি দৈত্যাকৃতির ট্রিপার গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়—এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়ায়।

খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় জন্মজয়কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়, তবে চোট বেশ গুরুতর।

তার চিকিৎসা চলছে। এলাকাবাসীর দাবি, ঘাতক ট্রিপারটি পালিয়ে গেলেও গাড়িটির নম্বরসহ কিছু তথ্য তারা সংগ্রহ করেছেন। সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে জন্মজয় রায় সোমবার সন্ধ্যা রাতে চাকমা ঘাট এলাকায় কেন এসেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের ক্ষোভ, রাত নামতেই এই সড়কে ট্রিপার গাড়ির বেপরোয়া দৌরাত্ম্য বেড়ে যায়।

প্রশাসনের নজরদারি না বাড়ালে আরও বড় বিপদ ডেকে আনবে বলে আশঙ্কা তাঁদের। সন্ধ্যা রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে—আসাম–আগরতলা জাতীয় সড়কে মানুষের নিরাপত্তা কোথায়।

Leave a Comment