প্রগতি ত্রিপুরা, ০৮ ডিসেম্বর, ২০২৫: বিগত প্রায় চার থেকে পাঁচ দিন ধরে বিকল সিএনজি স্টেশনের তিনটি নজেল। যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছোট বড় যানবাহন চালকদের। ঘটনা বিশ্রামগঞ্জ পূর্ণ পেট্রোলিয়াম এজেন্সির সিএনজি স্টেশনে।
এই সিএনজি স্টেশনে রয়েছে চারটি নজেল। এরমধ্যে তিনটি নজেল বিকল হয়ে রয়েছে। শুধুমাত্র একটি নজেল দিয়ে ছোট বড় সমস্ত যানবাহনকে গ্যাস দিতে হচ্ছে।
যার ফলে যানবাহন চালকদের তাদের গাড়িতে গ্যাস ঢুকাবার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা রয়েছে সিএনজি চালিত অটোরিকশা এবং ছোট ছোট মারুতী ও ইকো গাড়ি।
তারা প্রতিদিন যাত্রী পরিবহন করে তিন থেকে চারবার তাদের গাড়িতে গ্যাস ঢোকানোর জন্য সিএনজি স্টেশনে আসতে হয়। তিনটি নজেল বিকল হয়ে থাকার ফলে সারাদিনে তারা একবারের বেশি যাত্রী পরিবহন করতে পারে না।
কারণ সিএনজি স্টেশনে গ্যাস নিতে এলে এখানেই তাদের সময় শেষ হয়ে যায়। যার ফলে পরিবার পরিজন নিয়ে ভীষণভাবে সমস্যায় রয়েছে ছোট-বড় যানবাহন চালকরা।
বিষয়টি নিয়ে পেট্রোলিয়াম এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন যে সমস্ত নজেল গুলো বিকল এগুলো ত্রিপুরায় যন্ত্রপাতি পাওয়া যায় না। এগুলি দিল্লি থেকে অর্ডার করে আনতে হয়।
আমরা কোম্পানিতে অর্ডার পাঠিয়েছি। অপেক্ষা করতে হবে। যেদিন কোম্পানির লোক যন্ত্রপাতি নিয়ে এসে ঠিক করে দেবে সেদিন থেকে ছোট বড় যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হবে না বলে তারা জানিয়েছে।
তবে যানবাহন চালকরা অতি দ্রুত পেট্রোলিয়াম এজেন্সির কর্মকর্তাদের কাছে বিকল নজেল গুলো সারাই করার আবেদন জানিয়েছে।








