সীমান্ত এলাকায় বসবাসরত মহিলাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মউ স্বাক্ষর

অনলাইন ডেস্ক, ০৩ ডিসেম্বর, ২০২৫: সীমান্ত এলাকায় বসবাসরত মহিলাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আজ দক্ষতা উন্নয়ন দপ্তর এবং ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়।

দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই মউ স্বাক্ষরের মূল লক্ষ্য হল আখাউড়া সুসংহত স্থলবন্দরের বিভিন্ন সুযোগ সুবিধা সমূহ সীমান্ত এলাকার মহিলাদের দক্ষতা উন্নয়নে ব্যবহার করা।

এই মউ স্বাক্ষরের ফলে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে স্থলবন্দরের ৩০ আসন বিশিষ্ট কনফারেন্স হল, স্মার্ট ক্লাস রুম, আলোচনা সভাগৃহ সহ অন্যান্য সুবিধাসমূহ মহিলাদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যাবে।

এই উপলক্ষ্যে দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে বলেন, এই স্থলবন্দরের প্রশিক্ষণ পরিকাঠামোকে ব্যবহার করে সীমান্ত এলাকার মহিলাদের অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট, জিএসটি, ট্যালি শেখানোর পাশাপাশি আইটি ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে।

ত্রিপুরা সুসংহত স্থলবন্দরের ম্যানেজার দেবাশিস নন্দী বলেন, আগামী দিনে রাজ্যের সাব্রুম এবং শ্রীরামপুরস্থিত সুসংহত স্থলবন্দরে এই ধরণের কর্মসূচি চালু করার উদ্যোগ নেওয়া হবে। দক্ষতা উন্নয়ন দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment