প্রগতি ত্রিপুরা, ০৩ ডিসেম্বর, ২০২৫: নেশার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নাজেহাল বহি:রাজ্যের খালি লরি চালকরা সহ ছোট-বড় যাত্রীবাহী গাড়ি চালকরা। মূলত অত্যাধুনিক কোন চেকিং ব্যবস্থা না থাকার ফলে এমন দুর্ভোগের স্বীকার যান পরিচালকরা।
ঘটনা রাজ্য সীমান্তের চুরাইবাড়ি গেটে।উল্লেখ্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা কৌশল অবলম্বন করে প্রতিনিয়ত ত্রিপুরার বুক চিরে বহিঃরাজ্যে গাঁজা পাচার,এবং বহি:রাজ্য থেকে বিভিন্ন মাদকদ্রব্য রাজ্যে প্রবেশ”দুটোতেই লাগাম টানতে ব্যর্থ রাজ্যের পুলিশ প্রশাসন সহ গোয়েন্দা বিভাগ।
ইতিমধ্যেই বৃহৎ আকারের গাঁজা ধরা পড়েছিল অসমে,তাই প্রশাসনের শীর্ষ মহল থেকে রেড এলার্ট জারি করা হয়েছে।ফলে চুরাইবাড়ি গেটে চলছে জোর যানবাহন চেকিং অভিযান।কিন্তু রাজ্য প্রবেশের মুখে চুরাইবাড়ি থানা সংলগ্ন স্থানে পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা না থাকায় জাতীয় সড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করতে হয়।
এতে শত শত গাড়ি আটকে দুর্ভোগ সহ যানজট সৃষ্টি হয়।এ নিয়ে আজ বিকেলে ক্ষুব্দ লরি চালকরা রাস্তায় গাড়ি রেখে প্রতিবাদ সাব্যস্ত করে বিক্ষোভ দেখায়।তারা জানায় দীর্ঘ লাইনের কারণে ঘন্টার পর ঘন্টা এমনকি এক-দু’দিন পর্যন্ত আটকা পড়তে হয়।
এতে বিভিন্ন সমস্যায় পড়তে হয় যানচালকদের,কারণ নেই কোন পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা,নেই কোন বিশ্রামাগার।পর্যাপ্ত পরিমাণে নেই থাকা খাওয়ার ব্যবস্থা,ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হয় তাদের।
একই সমস্যার সম্মুখীন হতে হয় নিত্য যাত্রীগাড়ি সহ রোগী নিয়ে যাওয়া আসা যান চালকদেরও। তাছাড়া লরিচালকরা গুরুতর অভিযোগ করে বলেন,একাংশ স্থানীয় দালালরা কিছু কিছু লরি টাকার বিনিময়ে ওভারটেক করিয়ে পার করে দিচ্ছে।
শুধু তাই নয় অনেক মালবাহী ছোট গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকে থাকার ফলে তাদের ট্রিপ মিস হয়ে যায়।তাই চুরাইবাড়ি গেটে দ্রুত স্ক্যানার মেশিন বসিয়ে কম সময়ে গাড়ি চেকিং ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান ভুক্তভোগী যান চালকরা।এবার দেখার বিষয় রাজ্য প্রশাসনের তরফে কি ভুমিকা গ্রহণ করা হয়।







