মস্তিষ্কের অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারির অ্যানিউরিজম সফলভাবে করেলিং সম্পন্ন

অনলাইন ডেস্ক, ২১ নভেম্বর, ২০২৫: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় ও আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর (ডাঃ) অনুপ সাহা এবং জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ শঙ্কর চক্রবর্তী-এর সম্মিলিত সহযোগিতায় রাজ্যে নিউরোলজি চিকিৎসা পরিষেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে জিবিপি হাসপাতালের নিউরোলজি ডিপার্টমেন্ট। আজ জিবিপি হাসপাতালের নিউরোলজি টিম একটি অত্যন্ত সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ অ্যানিউরিজম কয়েলিং সম্পন্ন করলো।

বয়স্কা এই মহিলার মস্তিষ্কের যে অংশ হাঁটা ও পায়ের নড়াচড়া নিয়ন্ত্রণ করে, ঠিক সেই জায়গায় ছিল অ্যানিউরিজমটি। একটি ভুল পদক্ষেপে রোগীর হাঁটাচলাতেই বড় সমস্যা হতো- তবুও রোগীর পরিবার সাহস দেখিয়ে চিকিৎসকদের প্রতি আস্থা রেখেছেন। অত্যন্ত যত্ন ও নিখুঁত কৌশলে পুরো কয়েলিং সম্পন্ন করা হয়েছে।সম্পূর্ণ চিকিৎসাটি আয়ুষ্মান কার্ডে বিনামূল্যে করা হয়েছে। রোগী এখন সম্পূর্ণ স্থিতিশীল।

আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বিশেষজ্ঞ নিউরোলজিস্ট, নিউরো-ইন্টারভেনশনিস্ট ও স্ট্রোক স্পেশালিস্ট ডাঃ আবীর লাল নাথ আজ প্রায় দীর্ঘ তিন ঘণ্টা ব্যাপী অ্যানিউরিজম কয়েলিং পদ্ধতিতে অস্ত্রোপচার করেন। এই কঠিন লড়াইয়ে ডাঃ আবীর লাল নাখনের সাথে উক্ত অস্ত্রোপচার ছিলেন নিউরোলজি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ডাঃ অর্পণ মিত্র এবং অ্যানেসস্থেটিস্ট ডাঃ মণিময় দেববর্মা। এই অস্ত্রোপচার অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নার্সিং অফিসার হিসেবে প্রাণকৃষ্ণ দেব, তিতিক্ষা মজুমদার, দেবব্রত দেবনাথ এবং মানস দত্ত। এছাড়াও, ক্যাথল্যাব টেকনিশিয়ান হিসেবে ছিলেন সঞ্জয় ঘোষ ও অরিজিত পাল।

দীর্ঘ তিন ঘণ্টার যুদ্ধ শেষে, সফলভাবে সম্পন্ন হলো রোগীর অ্যানিউরিজম কয়েলিং। জিবিপি হাসপাতালের নিউরোলজি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা পরিষেবা প্রদানের ফলশ্রুতিতেই রোগী প্রাণ ফিরে পেলেন। রোগীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে এবং অসম্ভবকে সম্ভব করতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় জিবিপি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

ডাঃ আবীর লাল নাথের সঙ্গে অংশগ্রহণকারী চিকিৎসকদের উক্ত টিমে ছিলেন ডাঃ অভিজিৎ আচার্য, ডাঃ সুপ্রতিম সাহা, ডাঃ শুভ্রজিৎ দাস, ডাঃ পৌলমী নাগ, ডাঃ অর্কপ্রভ রায় চৌধুরী এবং নার্সিং অফিসার সেবিকা দত্ত, রোজি চক্রবর্তী, সুরজিৎ সূত্রধর, আর্ণিকা সিনহা, আবুল হোসেন প্রমুখ। সকলের অক্লান্ত পরিশ্রম ও আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রয়োগে রোগী নতুন জীবন লাভ করল।

আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে বিনামূল্যে এই অস্ত্রোপচারের সুবিধা লাভে ও সুস্থ হবার সাফল্যে রোগীর অভিভাবকগণ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ডাঃ আবীর লাল নাথ সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment