প্রগতি ত্রিপুরা, ২০ নভেম্বর, ২০২৫: শমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা,নয়াব সিং সাইনি (হরিয়ানা), হিমন্ত বিশ্ব শর্মা (আসাম), নেফিউ রিও (নাগাল্যান্ড), এন. চন্দ্রবাবু নাইডু (অন্ধ্রপ্রদেশ), যোগী আদিত্যনাথ (উত্তরপ্রদেশ), এবং পুষ্কর সিং ধামী (উত্তরাখণ্ড) সহ বেশ কয়েকটি এনডিএ-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
রাজ্যপাল আরিফ মহম্মদ খান তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণের পর মঞ্চেই নীতীশকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী। নীতীশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। তাঁরাই ফের নীতীশের ডেপুটি হিসাবে শপথ নিয়েছেন এদিন। একই সঙ্গে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপদলনেতা। এছাড়াও শপথ নিয়েছেন মঙ্গল পাণ্ডে, বিজয় চৌধুরী, শ্রাবণ কুমার, বিজেন্দ্র যাদব, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল এবং অশোক চৌধুরীরা। পাশাপাশি লেশি সিং, সন্তোষকুমার মাঝি, মদন সাহনি, রামকৃপাল যাদব, নীতিন নবীন ও সুনীল কুমার মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন।
পাশাপাশি জানা গেছে, স্পিকার পদ নিয়ে জেডি(ইউ)-র সঙ্গে বিজেপির ব্যাপক দর কষাকষি চলছে। বিজেপির সিনিয়র নেতা ও প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার স্পিকারের দায়িত্ব পেতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল ভোটে জয়ী হয়েছে। ২৪৩টি আসনের মধ্যে ২০২টিতে জয়লাভ করেছে তারা।
বিজেপি ৮৯টি আসনে জিতেছে। নীতীশের জনতা দল (ইউনাইটেড) পেয়েছে ৮৫টি আসন। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৯টিতে জিতেছে। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এস) পাঁচটি এবং রাষ্ট্রীয় লোক মোর্চা চারটি আসনে জিতেছে।
বিরোধী দলে, আরজেডি ২৫টি আসন, কংগ্রেস ৬টি, সিপিআই(এমএল)এল ২টি, ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি ১টি এবং সিপিআই(এম) ১টি আসন পেয়েছে। এআইএমআইএম ৫টি আসন জিতেছে, যেখানে বিএসপি ১টি আসন পেয়েছে। এনডিএ ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসন জিতে বিপুল ভোটে জয়লাভের পর কুমার সরকার গঠনের দাবি জানান।







