অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর, ২০২৫: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের নিউরোলজি ডিপার্টমেন্টে আজ একজন ক্রনিক মাথাব্যথার রোগীকে বটুলিনাম টক্সিন প্রদানের মাধ্যমে সুস্থ করে তুলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এই রোগী বিপিএল পরিবার ভুক্ত হবার ফলে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা লাভ করে। রোগী দীর্ঘ দিন ধরে অসহ্য মাথাব্যথায় ভুগছিলেন।
এই ক্রনিক মাথাব্যথা নিয়ে তিনি সাধারণ ওষুধে যখন সুস্থ হচ্ছেন না, তখন তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের নিউরোলজি ডিপার্টমেন্টে চিকিৎসকদের শরণাপন্ন হন। ১৫ নভেম্বর ২০২৫ নিউরোলজি ডিপার্টমেন্টের চিকিৎসকরা রোগীকে বটুলিনাম টক্সিন চিকিৎসার মাধ্যমে চিকিৎসা শুরু করেন।
এই চিকিৎসা হল একটি আধুনিক, নিরাপদ ও অত্যন্ত কার্যকর থেরাপি। তাতে ইনজেকশনের পর সুস্থতা বোধ করেন এবং রোগীর মুখের যেন একটু স্বস্তি লাভ করে। আর তাতে রোগীর পরিবারের চোখে ফুটে উঠে সুখের আলো। এই অনুভূতিই যেন আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের নিউরোলজি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাজকে আরও অর্থবহ করে তোলে।
নিউরোলজি ডিপার্টমেন্টে এই চিকিৎসা প্রদানে ছিলেন বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ডাঃ আবির লাল নাথ এবং ডাঃ অর্পণ মিত্র। ডাঃ আবীর লাল নাথের সঙ্গে অংশগ্রহণকারী অন্যান্য চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাঃ অভিজিৎ আচার্য, ডাঃ সুপ্রতিম সাহা, ডাঃ শুভ্রজিৎ দাস, ডাঃ পৌলমী নাগ, ডাঃ অর্কপ্রভ রায় চৌধুরী এবং নার্সিং অফিসার ছিলেন সেবিকা দত্ত, রোজি চক্রবর্তী, সুরজিৎ সূত্রধর, আর্ণিকা সিনহা, আবুল হোসেন প্রমুখ।
মানুষের কষ্ট লাঘব করাই হল নিউরোলজি ডিপার্টমেন্টের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মূল লক্ষ্য। বিপিএল কার্ডের মাধ্যমে বিনামূল্যে উক্ত উন্নত চিকিৎসা পরিষেবা লাভ করায় রোগীর পরিবার পরিজনেরা চিকিৎসকদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।








