পরিশ্রুত পানীয় জল দাবিতে কদমতলা-ধর্মনগর সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক,১১ নভেম্বর, ২০২৫: মঙ্গলবার উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা-ধর্মনগর সড়কের প্রত্যেকরায় এলাকায় পরিশ্রুত পানীয় জল দাবিতে পথ অবরোধে বসেন স্থানীয় প্রমিলা বাহিনীর সদস্যারা।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে বলে স্থানীয় সুত্রে জানা যায়। জানা গেছে, কালাছড়া ব্লকের অন্তর্গত প্রত্যেকরায় গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ইয়াই কাছিম নগরে গত দেড় মাস ধরে এক ফোঁটা পরিশ্রুত জলও সরবরাহ করা হচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা বারবার বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধান নীলকান্ত নাথকে জানালেও, তাঁর তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে মানুষ নিজের পয়সায় জল কিনে খাচ্ছেন।

স্থানীয়রা জানান, আগে ডিডাব্লিউএস দপ্তরের মাধ্যমে পাইপলাইনে জল সরবরাহ করা হতো। কিন্তু গত কয়েক মাস ধরে পাইপলাইনে জল আসছে না। অভিযোগ, বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানালে তিনি বলেন, ‘আমিও জল কিনে খাচ্ছি, আপনারাও কিনে খান।

এরপরেই ক্ষোভে ফেটে পড়ে কদমতলা-ধর্মনগর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার প্রমীলা বাহিনীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় কদমতলা থানার পুলিশ। কিন্তু পুলিশি হস্তক্ষেপেও অবরোধ ওঠেনি।

পরে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রাম পঞ্চায়েত প্রধান নীলকান্ত নাথ, কলগুড়া ব্লকের ভিডিও নারায়ণ দেবনাথ এবং ডিডাব্লিউএস দপ্তরের এসডিও সোহেল আহমেদ। গীর্ঘ আলোচনা শেষে সোহেল আহমেদ অবরোধকারীদের আশ্বস্ত করেন- আগামী দুই-তিন দিনের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

Leave a Comment