প্রগতি ত্রিপুরা ৩১ অক্টোবর, ২০২৫।। ধর্মনগরের পদ্মপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড বিস্কুটের গোডাউন ও স্করপিও গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত!বৃহস্পতিবার রাতে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের পদ্মপুর মধুবাড়ি লিংক রোড এলাকায় ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীধাম দাসের মালিকানাধীন একটি ঘরে হঠাৎই আগুন লাগে। যদিও ঘরটিতে কেউ বসবাস করতেন না, সেখানে শ্রীধাম দাসের একটি স্করপিও গাড়ি ও স্থানীয় ব্যবসায়ী রূপম পালের বিস্কুটের গোডাউন ছিল।
রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় গাড়িটি ও গোডাউনে মজুত থাকা প্রচুর পরিমাণ বিস্কুট সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ব্যবসায়ী রূপম পাল জানান, গোডাউনে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার বিস্কুট মজুত ছিল, যা আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা।
প্রথমে একটি দমকল ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও তীব্রতার কারণে পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। দুই দমকল ইঞ্জিনের প্রায় দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়।
উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা।পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। ধর্মনগর থানার পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের পেছনের মূল কারণ উদ্ঘাটন হবে বলে অনুমান করা হচ্ছে।








