প্রগতি ত্রিপুরা, ২৬ অক্টোবর, ২০২৫: ধর্মনগর নেতাজি পাড়ায় মহা অষ্টমীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দশ বছরের অভিরূপ দেবনাথের পরিবারকে সান্ত্বনা জানালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
রবিবার সকালে তিনি ধর্মনগরের শিবনাথ লেন এলাকায় অবস্থিত অভিরূপের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান। উল্লেখ্য,দুর্ঘটনার রাতে বাবা-ছেলে পুজো দেখতে বেরিয়েছিলেন।
আচমকাই এক বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন দু’জনেই। দ্রুত অসমের শিলচরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হলেও,সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট অভিরূপ।
বর্তমানে তার বাবা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। ঘাতক গাড়ির চালক সৌভিক দেবকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলের পাশের বিবাহ ভবনের সিসিটিভি ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিমা ভৌমিকের সফরে উনার সাথে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ,ত্রিপুরা মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী সহ স্থানীয়রা।
ছোট্ট অভিরূপের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। সকলেরই একটাই প্রশ্ন — বাবার হাতে হাত ধরে পুজোর আনন্দে বেরিয়ে যাওয়া সেই শিশু কেন আর ঘরে ফিরতে পারলো না! মহা অষ্টমীর রাতেই শেষ হয়ে গেল তার স্বপ্নের পথচল।








