লাখপতি দিদিগণই আগামীদিনে রাজ্যের অর্থনীতির মজবুত বুনিয়াদ হয়ে উঠবেন : মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর, ২০২৫: ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে রাজ্যব্যাপী সমৃদ্ধি কর্মসূচির মূল লক্ষ্য হল স্বসহায়ক দলের সদস্যাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।

ফলে মহিলা ক্ষমতায়ণের লক্ষ্যে এই অভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে টিআরএলএম’র উদ্যোগে লাখপতি দিদি তৈরি করার বিশেষ উদ্যোগ ‘সমৃদ্ধি’ কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী এই সমৃদ্ধি কর্মসূচির সাথে যুক্ত সমস্ত কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, লাখপতি দিদি কর্মসূচিকে আরও তরান্বিত করতে হবে। এই লাখপতি দিদিগণই আগামীদিনে রাজ্যের অর্থনীতির মজবুত বুনিয়াদ হয়ে উঠবেন।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলা স্বশক্তিকরণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে লাখপতি দিদিদের পাশে থাকবে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে ১ লক্ষ লাখপতি দিদি এবং স্বসহায়ক দলের ৪ লক্ষ ৮৬ হাজার জন মহিলা সদস্যা রয়েছেন। তাদের প্রত্যেকের অর্থনৈতিক মানোন্নয়নে রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।

আগামী ২০৩০ সালের মধ্যে মহিলা ক্ষমতায়ণের বিষয়ে ত্রিপুরাকে দেশের মধ্যে বিশেষ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তড়িৎকান্তি চাকমা এবং অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক সুব্রত মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল, এম, কোটমিরে, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান নাগাধীরাজ দত্ত এবং এসএলবিসি’র আহ্বায়ক ঋতুরাজ কৃষ্ণ।

অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার কলাছড়া ব্লকের স্বপ্নময়ী সিএলএফ’র ১,১৯৮ জন লাখপতি দিদিকে ১ কোটি ১৯ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক, ধলাই জেলার অনুরাধা সিএলএফ’র ৯৪৬ জন লাখপতি দিদিকে ৯৪ লক্ষ ৬০ হাজার টাকার ঋণের চেক, দক্ষিণ ত্রিপুরা জেলার রূপাইছড়ি সিএলএফ’র ১,২০২ জন লাখপতি দিদিকে ১ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকার ঋণের চেক, সিপাহীজলা জেলার কোথার স্বসহায়ক দলকে ২০ লক্ষ টাকা, কিরণ স্বসহায়ক দলকে ১৫ লক্ষ টাকা, উত্তর ত্রিপুরা জেলার নির্মল স্বসহায়ক দলকে ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী স্বসহায়ক দলের প্রতিনিধিদের হাতে এই চেকগুলি তুলে দেন।

এছাড়াও অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার শ্রেষ্ঠ ৭ জন ব্যাঙ্ক সখি, ৫ জনকে শ্রেষ্ঠ ব্লকভিত্তিক সমৃদ্ধি কর্মসূচি পরিচালনা এবং ৬ জনকে জেলাভিত্তিক সমৃদ্ধি কর্মসূচি পরিচালনার জন্য পুরস্কৃত করা হয়।

এছাড়া রাজ্যের লাখপতি দিদিদের ন্যূন্যতম সুদে ঋণ দিয়ে সহায়তা করার জন্য বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্যে লাখপতি দিদিদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং লাখপতি দিদিদের সাথে মতবিনিময় করা হয়।

Leave a Comment