প্রগতি ত্রিপুরা, ৫ অক্টোবর, ২০২৫। ভালোবেসে বিয়ের পরিণতি ! স্বামীর লাথিতে তরুণী বধূর মৃত্যু বক্সনগরে। পলাতক অভিযুক্ত স্বামী রিয়াদ হোসেন (২৬)। মৃতার নাম সুমাইয়া আখতার (১৮)।
বক্সনগর আর.ডি. ব্লকের অন্তর্গত কলমচৌড়া থানা সীমান্তবর্তী রহিমপুর এলাকায় ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়,রহিমপুর উত্তর পাড়ার কাশেম মিয়ার ছেলে রিয়াদ হোসেন (২৬) তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)-এর তলপেটে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সুমাইয়া।
গুরুতর আহত অবস্থায় তাকে তার মা চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানান গর্ভস্থ সন্তানটি মারা গেছে।
এই খবর শুনে পরবর্তীতে রিয়াদের বোন জামাই বাজার থেকে একটি ট্যাবলেট এনে দেন গর্ভপাতের জন্য।
সেই ওষুধ খাওয়ার পর থেকেই সুমাইয়ার শরীরের অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং প্রচণ্ড রক্তক্ষরণের ফলে আজ সন্ধ্যা নাগাদ তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে প্রায় দুই বছর আগে ভালোবেসে বিয়ে হয়েছিল রিয়াদ ও সুমাইয়ার।কিন্তু বিয়ের পর থেকেই রিয়াদ প্রায়শই নেশাগ্রস্ত থাকত এবং জুয়ার পেছনে অর্থ নষ্ট করত।
ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।সুমাইয়ার অকাল মৃত্যুতে রহিমপুর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।








