প্রগতি ত্রিপুরা, ৫ অক্টোবর, ২০২৫। বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ নিয়ে কুমারঘাটের নিগম অফিসে কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন গ্রাহকরা!! মানুষ চাইছেন পুনরায় ফিরিয়ে আনা হোক পোস্টপেইড মিটার ব্যবস্থা।
বিদ্যুৎ গ্রাহকদের ঘরে ঘরে প্রিপেইড মিটার লাগিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। সরকারের এই পদক্ষেপে দিনের পর দিন চরম সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদেরকে।
ঊনকোটি জেলার কুমারঘাটের বিদ্যুৎ নিগম অফিসে সময়ের আগে রিচার্জ কাউন্টার বন্ধ নিয়ে ক্ষোভ গ্রাহকদের মধ্যে। তারা ক্ষোভ উগড়ে দিলেন নিগম থেকে লাগানো প্রিপেইড মিটার সিস্টেমের উপর।
তারা চাইছেন পুনরায় ফিরিয়ে আনা হোক পোস্টপেইড মিটার সিস্টেম। কুমারঘাটের বিদ্যুৎ নিগম অফিসে নিজেদের মিটার রিচার্জ করতে যান বেশ কয়েকজন গ্রাহক।
তাদের অভিযোগ নির্ধারিত অফিসের সময়ের আগেই কাউন্টার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে অফিসের সামনেই ক্ষোভ দেখান গ্রাহকরা।
পরে ভোক্তাদের ক্ষোভ প্রশমনে কাউন্টার খুলে দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ। রূপম দেবনাথ নামে এক গ্রাহক জানান, বাড়ির মিটার রিচার্জ করতেই অফিসে এসেছেন তারা।
কিন্তু অফিসে গিয়ে তারা দেখতে পান বন্ধ রয়েছে রিচার্জের কাউন্টার। এ নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান পুজো উপলক্ষে রিচার্জের কাউন্টার খোলার সময় কমিয়ে দেওয়া হয়েছে।
গ্রাহকদের অভিযোগ সময় কমানোর বিষয়ে গ্রাহকদের আগাম কিছুই জানানো হয়নি। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ঐ গ্রাহক দাবী জানান বিদ্যুৎ বিল সংগ্রহের ক্ষেত্রে পুরনো পোস্টপেইড মিটার ব্যবস্থা চালু করা হোক পুনরায়।
এদিকে উজ্জ্বল দেবনাথ নামে অফিসে রিচার্জ করতে আসা আরো এক গ্রাহক জানান, রিচার্জ করতে অফিসে এসে তিনি দেখতে পান সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে রিচার্জ কাউন্টার।
তার দাবি দুপুর আড়াইটা পর্যন্ত রিচার্জ দেওয়া হয়েছিল গ্রাহকদেরকে কিন্তু একটা বাজার আগেই কেন বন্ধ করা হলো কাউন্টার? এনিয়ে প্রশ্ন তোলেন তিনি।
গ্রাহক জানান এই ঘটনাকে নিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন অফিসে রিচার্জ করতে আসা প্রত্যেকেই। সবাই সিদ্ধান্ত নেন অফিস তালা বন্ধ করার।
আর এর আঁচ পেয়েই তড়িঘড়ি কাউন্টার খুলে দেয় কর্তৃপক্ষ। তিনি বলেন স্মার্ট মিটার নিয়ে অনেক সমস্যায় রয়েছি আমরা।
অফিস না খুললে আগামী চারদিন পর্যন্ত অন্ধকারে থাকতে হতো আমাদেরকে। ঘটনাকে নিয়ে এদিন সাময়িক উত্তেজনা ছড়ায় কুমারঘাটের নিগম অফিসে।
সাধারণ মানুষ চাইছেন সরকারের আধুনিকীকরণের নামে এই রিচার্জ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক গ্রাহকদেরকে। ফিরিয়ে আনা হোক পুরনো পোস্টপেইড মিটারের ব্যবস্থা। এতে মঙ্গল সবারই।








