প্রগতি ত্রিপুরা,আগরতলা, ২৬ সেপ্টেম্বর ।। দেশের জি.এস.টি সরলীকরণের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার প্রেক্ষাপটে মোহনপুর বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেন ত্রিপুরা রাজ্য সরকারের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
এইদিন মন্ত্রী শপথ বাক্য পাঠ করেন, যেখানে হাজার হাজার মানুষ শপথ নেন যে তারা স্বদেশী পণ্য ক্রয় করবে এবং বিদেশি পণ্য ক্রয় করা থেকে বিরত থাকবে।
মন্ত্রী সভায় বলেন জি.এস.টি সরলীকরণের ফলে প্যাকেটজাত মধু, চা, চাল, টায়ার, টিউব, স্কুল ব্যাগ, নারিকেল তেল, এসি মেশিন, বাইক, রড, সিমেন্ট কৃষি যন্ত্রপাতি ট্রাক্টর, পাওয়ার টিলার সহ বহু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে। এটি সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য বড় সহায়তা হবে।
তিনি আরও উল্লেখ করেন চাল উৎপাদনে আমরা দেশীয়ভাবে দ্বিতীয় হলেও রপ্তানিতে আমরা বিশ্বে চ্যাম্পিয়ন। দেশের চাল না গেলে বহু দেশ খাদ্য সংকটে পড়বে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের সম্মান করেন। দেশের দুধ, ডিম, চিনি, মাছ না গেলে পাকিস্তান, বাংলাদেশসহ বহু দেশে প্রভাব পড়বে।
মন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে বলেন যদি স্বামী বাজারে যান, তাঁরা স্বদেশী বা ভারতীয় পণ্য কেনার পরামর্শ দিন। এতে দেশীয় পণ্য ও কৃষকের স্বার্থ রক্ষা হবে।
সভায় ব্যবসায়ী ও ক্রেতাদেরও তিনি সতর্ক করে বলেন আগে কেনা পণ্য হলেও ২২ সেপ্টেম্বরের নতুন জি.এস.টি অনুযায়ী বিক্রি করতে হবে। পুরনো দামের তুলনায় বেশি দাম নেওয়া যাবে না, কারণ নতুন কর প্রক্রিয়া ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
সভায় মন্ত্রী নিজেও একটি স্বদেশী জলের ফ্লাস্ক ক্রয় করেন, যা দেশীয় পণ্যের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করে।








