অনলাইন ডেস্ক, ২০ আগস্ট, ২০২৫। ত্রিপুরা প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্ব মঙ্গলবার নয়া দিল্লিতে সংসদ ভবনে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহ এর সঙ্গে বৈঠক করে।
বৈঠকে আসন্ন ADC নির্বাচনের প্রস্তুতি, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নমূলক পরিকল্পনা এবং বিজেপি সংগঠনকে আরও মজবুত করার কৌশল নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, বৈঠকে নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করার পাশাপাশি জনজাতি এলাকা জুড়ে দলের কার্যক্রমকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী বিকাশ দেববর্মা আরও বলেন, “আমরা রাজ্যের প্রত্যেকটি জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই বৈঠক আমাদের পরিকল্পনাকে বাস্তবায়নে নতুন গতি দেবে।”
ত্রিপুরা প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সভাপতি, বিধায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন।
তারা ADC নির্বাচনের আগে জনজাতি এলাকার মানুষের সঙ্গে আরও সংযুক্ত থাকার এবং দলকে শক্তিশালী করার দিকনির্দেশনা গ্রহণ করেছেন।
রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ আসন্ন ADC নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপি নিজের কার্যক্রমকে জোরদার করতে চাইছে।








