২ দিনব্যাপী দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ শুরু

অনলাইন ডেস্ক, ০৬ আগস্ট, ২০২৫: দক্ষিণ ত্রিপুরা জেলার সমগ্র শিক্ষার ডিস্টিক্ট প্রোজেক্ট কো-অর্ডিনেটর কার্যালয়ের উদ্যোগে সমগ্র শিক্ষার আওতায় আজ থেকে বিলোনীয়া পুরাতন টাউনহলে শুরু হয়েছে দুইদিন ব্যাপী দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫-২৬।

চারাগাছে জল সিঞ্চন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। তিনি বলেন, মহিলারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ।

তাদের উন্নয়নের মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব। বাল্যবিবাহ রোধ, নেশার বিরুদ্ধে এদের অগ্রণী ভূমিকা দরকার। উক্ত অনুষ্ঠান ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে উৎসাহিত করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

বিধায়ক স্বপ্না মজুমদার বলেন, আজকের কিশোরীরা আগামীদিনের রাজ্য ও দেশের ভবিষ্যৎ। একজন শিক্ষিত মা দশজন শিক্ষকের সমান।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, মহিলা কমিশণের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, জেলা শিক্ষা আধিকারিক দিলীপ কুমার দেববর্মা, দেশের প্রথম জনজাতি মহিলা বাণিজ্যিক বিমান চালক ক্যাপ্টেন ববি আজমীরা প্রমুখ।

অতিথিগণ ছাত্রীদের লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রমের মধ্যদিয়ে ভবিষ্যৎ গড়ার পরামর্শ দেন। ক্যাপ্টেন ববি আজমীরা ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন ও তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

কিশোরী উৎকর্ষ মঞ্চে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ৩৮০ জন ছাত্রী ভাষণ, বিতর্ক, স্লোগান, ক্যুইজ, যোগা, ক্রীড়া, নৃত্য, নাটক প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আগামীকাল সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

Leave a Comment