উদয়পুরে চোরের উপদ্রব, দিশেহারা সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক, ০২ অগাস্ট, ২০২৫: চুরির ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে উদয়পুর শহর জুড়ে । বাসা-বাড়ি থেকে শুরু করে দোকান-পাট, রাস্তা ঘাট সবখানেই কম বেশি চুরির ঘটনা ঘটছে। লাগামহীন এসব চুরির ঘটনায় দিশাহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রতিনিয়ত উদয়পুর আর কে পুর থানা এলাকায় চুরির ঘটনা ঘটে চলেছে।

কোন কুল কিনারা করতে পারছে না পুলিশ। কোথাও ছিনতাই, আবার কোথাও নিশি কুটুম্বের হানা। যেন চোর পুলিশের খেলা চলছে উদয়পুর শহরে। ড্রাগস্ নেশায় আশক্ত নিশিকুটম্বরাই নেশার টাকা জোগাড় করতে চুরি কান্ডে লিপ্ত হচ্ছে। প্রতিরাতে দুই থেকে তিন-চারটি চুরি-কাণ্ড ঘটে যাচ্ছে উদয়পুরে।

তবে এই চুরি কান্ড গুলির খবর প্রকাশিত হচ্ছে না একদল পুলিশ অফিসারের কেরামতীতে। যেখানে চুরি হচ্ছে পুলিশ আগাম জানিয়ে দেয় সাংবাদিকদের যেন কোন রকম ভাবেই খবর দেওয়া না হয়, খবর প্রকাশিত হলে চোর ধরতে পারবে না পুলিশ।

শুক্রবার গভীর রাতে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর ইন্দিরা নগর ২ নং ওয়ার্ড এলাকায় সুশান্ত সূত্রধর নামে এক ব্যক্তির বাড়ি থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। সংবাদে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সুশান্ত সূত্রধর পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

শনিবার সকালবেলা বাড়িতে গিয়ে দেখেন উনার ঘরের দরজা ভাঙ্গা এবং ঘরে প্রবেশ করে দেখেন ঘরের সমস্ত কিছু উলটপালট হয়ে আছে। তৎক্ষণাৎ তিনি এলাকার মানুষদের চিৎকার চেঁচামেচি করে জানায় যে ওনার বাড়িতে চুরি হয়েছে। খবর দেওয়া হয় উদয়পুর রাধা কিশোর পুর থানায়।

খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ প্রতিটি চুরির ঘটনার মতো বাড়ির মালিকের নামদাম লিখে পুলিশের দায়িত্ব থেকে খালাস নেন পুলিশ অফিসাররা। আদতে উদয়পুরের চুরির কাণ্ডে গত একমাসে একটি চুরিরও কুল কিনারা করতে পারেনি পুলিশ। বরং রেকর্ড তৈরি করেছে আর কে পুর থানা, এক বছরের যতগুলি না চুরি হয় তার চেয়ে বেশি চুরি হয়েছে এক মাসে। তবে সবগুলি চুরির ঘটনা থানার রেকর্ডবোডে নেই।

Leave a Comment