অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৫। শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনায় এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল ঊনকোটি জেলা।
সোমবার রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো শ্রাবণ যাত্রা ও পবিত্র জলাভিষেক কর্মসূচি। এদিন সকালেই কৈলাসহরের দশমীঘাট থেকে শিবভক্তরা জল সংগ্রহ করে পদব্রজে ও যানবাহনে যাত্রা করেন ঐতিহাসিক শৈবতীর্থ ঊনকোটি শিবমূর্তির উদ্দেশে।
পূজার্চনার পূর্বে ভোরবেলায় ভক্তরা কৈলাসহর টাউন কালীবাড়িতে সমবেত হন এবং সেখান থেকে শোভাযাত্রার আকারে রওনা দেন ঊনকোটির উদ্দেশ্যে।
পবিত্র জল নিয়ে শিবের মস্তকে জল অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ভক্তরা পরিবার ও সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং নিজের পাপ মোচনের জন্য শিবের শরণ নেন।
এই পুণ্য যাত্রায় অংশগ্রহণ করেন রাঙ্গাউটি, শ্রীনাথপুর, যুবরাজনগর, পাখিরবাদা, পূর্ব দুর্গাপুর, বিদ্যানগর, দুর্গাপুর, কালিপুর, চিড়াকুটি সহ বিভিন্ন চা বাগান ও পার্বত্য এলাকার ভক্তগণ।
উল্লেখযোগ্যভাবে, কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের রাজ্য সহ-সভাপতি দীপঙ্কর সিনহা, ঊনকোটি জেলা কমিটির সভাপতি হেমেন্দ্রকুমার দে সহ অন্যান্যরা।
রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই পুণ্য যাত্রাকে আরও সার্বজনীন করতে শৈবতীর্থ ঊনকোটিতে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়, যা অনুষ্ঠানের আধ্যাত্মিক ও মানবিক দিককে আরও জোরদার করে তোলে।
এই কর্মসূচির মাধ্যমে শ্রাবণ মাসে শিবভক্তির যে ঐতিহ্য ও উৎসবমুখরতা রয়েছে, তা নতুনভাবে জীবন্ত হয়ে উঠেছে ঊনকোটিতে। রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহৎ আকারে পালিত হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।








